হাছান মাহমুদ সুজন,কুতুবদিয়া:
বাংলাদেশের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কক্সবাজারের কুতুবদিয়া। চারদিকে সমূদ্র ঘেরা এই দ্বীপে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস। যুগ যুগ ধরে এ দ্বীপে বিদ্যুতের কোন ব্যবস্থা ছিল না। ব্যবসা বাণিজ্য এবং মানব জিবন যাপনে অন্ধকারে আলোর মুখ দেখতে বসতবাড়িতে ব্যবহারের জন্য ইঞ্জিন চালিত জেনারেটর এবং সৌর প্যানেল ছিল একমাত্র আলোর ভরসা। ছোট্ট একটি দ্বীপে বিদ্যুতের আলো না দেখা সুবিধা বঞ্চিত মানুষের দুঃখের সমাপ্তি ঘটানোর জন্য দেশের বৃহত্তর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্টান ফ্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড় এর মাধ্যমে ২০০৬-০৭ অর্থ বছরের বাজেটে বায়ু বিদ্যুতের প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
সিদ্ধান্তক্রমে দ্বীপের ০৬নং আলী আকবর ডেইল ইউনিয়নে তাবলারচর গ্রামের বেড়িবাঁধের পার্শবর্তী স্থানে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক প্রবাহিত বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে তিন পাখা বিশিষ্ট ৫০টি বায়ুকল/টারবাইন দিয়ে প্রথমে এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের (উইন্ডমিল) নামের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎটি স্থাপন করা হয়েছিল।
চরম দূর্ভাগ্য যে, ঐ ইউনিয়নটি বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার আগে ২০১০ সালে প্রাকৃতিক ঘূর্ণিঝড় আইলার আঘাতে বৈদ্যুতিক ইলেকট্রিক সরঞ্জামপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
এরপর বিগত ২০১৬ সালে ২৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে পুনরায় নতুন ভাবে একই স্থানে ২০টি বায়ুকল/টারবাইন দিয়ে এক মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। একটি বায়ুকল ৫০ মিটারের উচ্চতা সম্পন্ন একটি টাওয়ার এবং প্রতিটি টাওয়ারের মাথায় রয়েছে দেড় টন ওজনের ডানা বিশিষ্ট তিনটি ইস্পাতের পাখা। প্রাথমিক ভাবে বাতাসের গতিবেগ অনুযায়ী প্রতিটি বায়ুকল থেকে দৈনিক গড়ে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে ধারণা করা হয়েছিল।
২০১৭ সালের ১০ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম.পি স্থাপিত বায়ু বিদ্যুৎ প্রকল্পটির শুভ উদ্বোধনের মাধ্যমে বিদুৎ সরবরাহ শুরু হয়। উদ্বোধনের পর থেকে প্রায় সাড়ে সাতশত পরিবার বিদ্যুৎ সরবরাহ পেয়েছে। প্রথমে আলো দেখে বিদ্যুৎ কেন্দ্রস্থ স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ আনন্দে উল্লাসিত হলেও বিগত দেড় বছর যাবৎ এ বিদ্যুৎ প্রকল্পটি চরম অভিশাপে রুপ নিয়েছে। বিদ্যুৎ ভোগান্তি নিয়ে অতিষ্টে আছে বায়ু বিদ্যুৎ কেন্দ্রস্থ এলাকাবাসী। ভোক্তভোগীদের এখন একটাই বক্তব্য যে, বায়ু থাকলেও বিদ্যুৎ থাকে না। বায়ু বিদ্যুৎ প্রকল্পটির কারনে পুরো কুতুবদিয়া দ্বীপ অন্ধকারে ডুবে আছে বলে মন্তব্য করেন অনেকেই। বায়ু দ্বারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণের ফলে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে দ্বীপবাসী এবং এ প্রকল্পটি স্থাপন না হলে অনেক আগেই জাতীয় গ্রীড় লাইনে বিদ্যুৎ আসত বলে ধারণা করেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর গ্রামে সমূদ্র তীরে অবস্থিত বায়ুচালিত বিদ্যুৎটি পর্যটকদের দৃষ্টিনন্দন মাত্র। দীর্ঘ কয়েকবছর পূর্বে স্থাপিত দফায় দফায় ৩৮ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির ৭০টি বায়ুকলের মধ্যে মুষ্টিময়ে বিশটি টারবাইন/বায়ুকল ছাড়া অন্যান্য সব অকেজো হয়ে কেবল ভুমি পৃষ্টের উপর দাঁড়িয়ে আছে। দ্বিতীয় দফায় স্থাপনকৃত বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যন্ত্রগুলোতে টাওয়ার জেনারেটর কন্ট্রোল, প্যানেল, সাব-স্টেশন ও টারবাইন বেল্ট রয়েছে। এতে কোন প্রকার যান্ত্রিক সমস্যা না থাকা সত্বেও টাওয়ারের মাথায় পাখা গুলো ফড়িং এর ডানার মত ঝুলিয়ে আছে।
স্থানীয়রা বলেন দিনব্যাপী বাতাসের প্রবাহ থাকলেও মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য পাখা গুলো ঘুরে আবার মুহুর্তেই থেমে যায়। বিদ্যুৎ কেন্দ্র অফিসে নিয়োজিত কর্মচারীদের গড়িমসি এবং নানান অনিয়মের কারনে বাতাসের গতিবেগ প্রবাহমান থাকলেও উইন্ডমিলের পাখাগুলো নড়ে না। ফলে বিদ্যুৎ উৎপাদন হয় না বলে ধারণা করেন সচেতন মহল। তাই দিন-রাত ব্যাপী বিদ্যুৎহীনতায় ভুগতে হচ্ছে গ্রাহকদের।
উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর শান্তি বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমরা শান্তি বাজারের সকল গ্রাহকেরা বিদ্যুৎ নিয়ে মহাবিপদে রয়েছি।প্রথমে বিদ্যুৎ আসার পর ব্যবসায়ীক সুবিধার্থে ইলেকট্রিক রেফ্রিজারেটর ক্রয় করি। এখন বিদ্যুৎ সংকটের কারনে তা ব্যবহার করা মহা মুশকিল হয়ে পড়েছে। মাত্র এক ঘন্টার বিদ্যুৎ সরবরাহে ফ্রিজে রক্ষিত কাঁচা মালামাল নষ্ট হয়ে প্রচুর পরিমাণ লোকসানে ভুগতে হয় এবং রাতের বেলা অন্ধকারে থেকেও প্রতি মাস অন্তরন্তর বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় বলে জানান তিনি।
একই বাজারের হেলাল ফার্মেসীর মালিক মোহাম্মদ হেলাল বলেন, আমি বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পর থেকেই গ্রাহক হিসেবে নিযোক্ত হয়েছি। শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে ব্যাপক যন্ত্রনায় ভুগতেছি। বিদ্যুৎ সংকটাপন্ন কারনে রোগীদের নেভোলাইজার গ্যাস দিয়ে সেবা প্রদান করা সম্ভব হয় না। বিশেষ করে প্রতি গ্রীষ্ম মৌসুমে সেবা নিতে আসা রোগীরা রৌদ্র তাপে অসস্থি প্রকাশ করে। ফলে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাপক অবনতি দেখা দিচ্ছে।
কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মাষ্টার আবুল কাশেম বলেন, বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের গ্রীষ্মকালে পাঠদানে মনোযোগী করতে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার ও করোনার পুর্বকালীন সময়ে রাত্রী বেলা কোচিং করার জন্য এবং অফিস কক্ষে বিদ্যালয়ের যাবতীয় হিসাব নিকাশে ব্যবহারিত কম্পিউটার চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছিল। সর্বক্ষণ বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের তথ্য প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বায়ু বিদ্যুৎ প্রকল্পটি আস্ত অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম বলেন, বায়ু বিদ্যুৎ প্রকল্পটি আমাদের জন্য বিশাল গজব। এ প্রকল্পটি স্থাপন হওয়ার পর থেকে কুতুবদিয়াবাসী কোন ভাবে উপকৃত হয় নি। কোন মাসে দু'দিন, কোন মাসে চারদিন বিদ্যুৎ থাকে মাত্র। আবার কোনো কোনো মাসে একেবারে বিদ্যুৎ থাকে না। গ্রাহকদের যথাযথ বিদ্যুৎ সেবা না দিয়ে এবং মাসব্যাপী বিদ্যুৎ সরবরাহ না দেয়া সত্বেও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। গ্রাহকরা বিল দিতে অনিহা প্রকাশ করলে মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করে টাকা হাতিয়ে নেয় বিদ্যুৎ অফিস কতৃপক্ষ। মামলার ভয়ে গ্রাহকেরা বৃহত্তর পরিসরে লোকসানের সম্মুখীন হওয়ার কারণে কোন ধরণের অভিযোগ করতে ইচ্ছা পোষন করতেছে না বলে জানান তিনি।
গ্রাহকদের হয়রানি এবং প্রকল্প পূনঃনির্মাণের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়া উপজেলা শাখার আবাসিক প্রকৌশলী মোঃ আবুল হাসনাতের নিকট জানতে চাইলে তিনি বলেন, গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, ঠিক সে পরিমাণ বিল আদায় করেন কতৃপক্ষ। এবং বিচ্চিন্ন এ-দ্বীপে ২০২১ সালে জাতীয় গ্রীড লাইনে বিদ্যুতায়ন হওয়ার ঘোষনা হওয়াতে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করার জন্য উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।