এক বছর সাজার ভয়ে পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন বগুড়ার এক ব্যবসায়ী। আলহাজ্ব মাহবুবুল আলম (৬০) নামের ওই ব্যবসায়ীকে অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রবিবার বিকেলে মাহবুবুল আলমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠনো হয়।
মাহবুবুল আলম বগুড়া শহরের বড়গোলা লালমাটির ঘাট এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন।
মেসার্স হাজী মো. বাবলু নামে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
পুলিশ জানায়- বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করেন তিনি। এরপর ২০১৭ সালে প্রতিষ্ঠান ফেলে রেখে নিরুদ্দেশ হন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় ৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ঢাকা ব্যাংকের একটি মামলায় তাকে এক বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিলো। দীর্ঘ পাঁচ বছর পর তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। এরপর বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকায় অভিযান চালান। সেখানে গত ৫ বছর ধরে ভাড়ার বাসায় তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন।
এসআই জাকির আল আহসান জানান, সাজাপ্রাপ্ত আসামি মাহবুবুল আলমকে গ্রেপ্তারের পর বগুড়ায় আনা হয়। তার নামে আরো তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রবিবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।