কক্সবাজারের অপরাধ জগতের ত্রাস, হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ২১টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী *মো: কলিম উল্লাহ ওরফে কলিম ডাকাত'* কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।
র্যাব-১৫, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছে। সংবাদের গুরুত্ব বিবেচনায় র্যাবের আভিযানিক দলটি ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
শনিবার সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা দুর্ধর্ষ এই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের অনুসন্ধানে দেখা যায়, গ্রেফতারকৃত আসামী কলিম উল্লাহ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৫ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা (জিআর নং-৮৭৫/১৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) সহ হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মোট ২১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মোবাইল ফোনসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে র্যাবের এই ধরণের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম, নির্বাহী সম্পাদক : নাজিম উদ্দীন
অফিস : হোটেল গ্রীণ ভ্যালি বিজনেস কমপ্লেক্স , ৪র্থ তলা (দৈনিক মেহেদী), প্রধান সড়ক, পৌরসভা, কক্সবাজার।