মনু মিয়া বাজার পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনিয়মের অভিযোগ ও সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থগিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নির্বাচন স্থগিত থাকবে।
মঙ্গলবার ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্বাচন সংশ্লিষ্ট পক্ষসমূহ এবং অভিযোগকারী উপস্থিত ছিলেন।
অভিযোগকারী আবু সাদাত মোহাম্মদ সায়েম সভায় অভিযোগ করে বলেন, মনু মিয়া বাজার পানি ব্যবস্থাপনা এ্যাডহক কমিটির আহ্বায়ক করা হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের জেলা শাখার সদস্য তৌফিক উদ্দিনকে। তার নেতৃত্বেই ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালিত হয়েছে, যেখানে আওয়ামী লীগের ধূসর ও বহিরাগত লোকজনকে অন্তর্ভুক্ত করে ২১৬ জনের একটি একতরফা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অনিয়মপূর্ণ।
তিনি আরও অভিযোগ করেন, প্রকল্প এলাকার বাইরে ভোটকেন্দ্র নির্ধারণ করে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এতে প্রকৃত সুবিধাভোগী ও জমির মালিক প্রায় ১০০ থেকে ১৫০ জন ভোটার তালিকা থেকে বঞ্চিত হয়েছেন। এসব বঞ্চিত ভোটাররা ঘোষিত তফসিল অনুযায়ী ভোট বর্জনের সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলমগীর, হিরু এবং তাদের প্রতিনিধি ইসলামপুরের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের উপজেলা প্রশাসনের কাছে দাবি করেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানে যেন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর উপজেলা প্রশাসন জানায়, জাতীয় নির্বাচনের পূর্বমুহূর্তে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া যাবে না। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে ভোটার তালিকা পুনরায় যাচাই-বাছাই ও প্রকৃত সুবিধাভোগী ভোটারদের অন্তর্ভুক্ত করে নতুন করে তালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানানো হয়।
এমতাবস্থায় জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত মনু মিয়া বাজার পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তে এলাকায় আপাতত উত্তেজনা প্রশমিত হলেও প্রকৃত সুবিধাভোগীরা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।