• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

আত্মহত্যার রহস্য খুজতে পুলিশের তদন্তে

নিজ কক্ষে থেকে মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩১৪ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ৮ নম্বর ওয়ার্ডে এক মসজিদের ইমামের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ইমামের নাম মোহাম্মদ ইদ্রিস তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায় ১৪ মে ২০২৬ বুধবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ আলামত হিসেবে আত্মহত্যায় ব্যবহৃত একটি বিদ্যুতের তার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে।

এলাকাবাসীরা জানান, নিহত মোহাম্মদ ইদ্রিস ছিলেন ধর্মপরায়ণ ও শান্ত স্বভাবের একজন মানুষ। তার এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, মুসল্লি ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবর পেয়ে নিহত মোহাম্মদ ইদ্রিসের পরিবার ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের বাড়ি রামু উপজেলার রশিদনগর পাহাড়তলী এলাকায় বলে জানা গেছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ