কক্সবাজারের ঈদগাঁও থানায় নিজের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগী নাজিম উদ্দিন (৩৬) গত ১ মে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর- ৪৬।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালকাটা এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের নাম ও ছবি ব্যবহার করে “আলোকিত পালকাটা” (Alokita Palakata) নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে উক্ত আইডি ব্যবহার করে একটি চক্র তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।
ভুক্তভোগী নাজিম উদ্দিন জানান, ভুয়া আইডি থেকে ছড়ানো অপপ্রচারের কারণে তিনি সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হচ্ছেন। কে বা কারা তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তা শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে, চট্টগ্রাম সাইবার ইউনিটে উক্ত আইডির বিরুদ্ধে অভিযোগ জানানো হলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইডিটি শনাক্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
পাশাপাশি ভুক্তভোগীদের স্থানীয় থানায় অভিযোগ করে তার কপি সাইবার ইউনিটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তাদের এ পরামর্শের ভিত্তিতে অসংখ্য ভুক্তভোগীদের মধ্যে একজন হিসেবে নাজিম উদ্দিন ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।
ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। থানার এসআই আশরাফ জিকোর নেতৃত্বে একটি চৌকস টিম অপপ্রচারকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।