• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে করাতকলে গাছ চেরাইয়ের সময় শ্রমিকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক / ২১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গাছ চেরাইয়ের সময় করাতকলে কাজ করতে গিয়ে মনসুর আলম (৪৭) নামে এক শ্রমিকের একটি হাত কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার সকাল ১১টার দিকে ঈদগাঁও বাজারের একটি করাতকলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত মনসুর আলম উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো ঈদগাঁও ইউনিয়ন পরিষদ-সংলগ্ন পূর্ব পাশে শফির মালিকানাধীন করাতকলে গাছ চেরাইয়ের কাজ করছিলেন মনসুর আলম। এ সময় অসাবধানতাবশত তার হাত করাতে লেগে গেলে মুহূর্তেই কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা বেলাল সিকদার এবং ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ছাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, তিনি ফেসবুকের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।


আরো বিভন্ন বিভাগের নিউজ