প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল মহোদয়ের বরাদ্দ থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা গেছে, তিন উপজেলার মোট ১৭৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ৪ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮৯ জন, রামু উপজেলায় ৫৬ জন এবং ঈদগাঁও উপজেলায় ৩০ জন এই সহায়তা পেয়েছেন।
এছাড়া ঈদের আগে তিন উপজেলায় মোট ৬০ টন ত্রাণ চাল ২ হাজার ৪০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে সহায়তা বণ্টনে ঈদগাঁও উপজেলার তুলনামূলক কম বরাদ্দ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় থাকা সত্ত্বেও ঈদগাঁও উপজেলায় অন্য দুই উপজেলার তুলনায় কম সংখ্যক মানুষ কেন নগদ সহায়তার আওতায় এলেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাপ্ত তালিকা ও চাহিদার ভিত্তিতেই সহায়তা প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও জনপ্রতিনিধিরা সবসময় রয়েছেন এবং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।