• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

টেকনাফে ঘোষণা দিয়ে হত্যা মামলার বাদীর বাড়ি পুড়িয়ে দিল প্রদীপের সহযোগী গিয়াস বাহিনী!

Md. Nazim Uddin / ২৯১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

জসিম উদ্দীন:

কক্সবাজার টেকনাফে হত্যা মামলার বাদীর ঘরবাড়ি ঘোষণা দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে গিয়াস বাহিনী নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে।

রোববার দিবাগত (৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে টেকনাফের রঙ্গিখালীর হৃীলা মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

পুড়িয়ে দেয়া ঘরটি মৃত স্থানীয় আবদুল মজিদের। বাড়িটিতে তার ছেলেরা থাকতেন।

আবদুল মজিদের মেয়ে রহিমা বেগম জানান, তার ভাই শাহ আলমকে হত্যার উদ্দেশ্যে রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত গিয়াসের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের অস্ত্র নিয়ে তাদের বাড়ি ঘেরাও করে।

এরপর বাড়ির চারপাশে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে থাকা নারীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রহিমার দাবি, তার তিন ভাইসহ পরিবারের ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি সন্ত্রাসী গিয়াসের নেতৃত্বে বোরহান উদ্দিন, লুৎফুর রহমান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, রেজাউল করিম, সালমান, গোরা মিয়া, বেলাল উদ্দিন, মাঈন উদ্দিনসহ আরও কয়েকজন আগুন দেয়ার ঘটনায় জড়িত।

রহিমার আরও জানান, গত কয়েকদিন আগে তার ভাই শাহ আলমসহ ১০ জনকে হত্যা ও ঘরবাড়িতে আগুন দেয়ার ঘোষণা দিয়েছে গিয়াস বাহিনীর সদস্যরা। হুমকি পাওয়া সবাই গিয়াস বাহিনীর সদস্যের বিরুদ্ধে করা মামলার বাদী।

বাড়িতে আগুন দেয়ার ঘটনায় সোমবার দুপুরে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান রহিমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেয়ায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিভিন্ন সময় অন্তত ১৩ জনকে হত্যা করেছে সন্ত্রাসী গিয়াস বাহিনীর সদস্যরা। এ বাহিনীতে সক্রিয় অন্তত ৩০ জন সদস্য রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ থেকে ২০টি পর্যন্ত মামলা রয়েছে।

পরে এসব মামলার বাদী ও সাক্ষীদের উল্টো মিথ্যা মামলা দিয়ে ঘর ছড়া করেন সন্ত্রাসীরা। তবে কিছুদিন আগে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের আশ্বাস পেয়ে ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা এলাকায় ফিরে আসেন।

ভুক্তভোগী মো. আলম ও জাকের জানান, পুলিশের আশ্বাসে গত বছরের ২৫ ডিসেম্বর এলাকায় ফিরে আসায় তাদের পরিবারের সদস্য, মামলার বাদী ও সাক্ষীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এলাকা না ছাড়লে ১০দিনের মধ্যে ঘরবাড়িতে আগুন ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানালেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। যার প্রেক্ষিতে বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হত্যা মামলার বাদী ও সাক্ষীদের হুমকি-ধমকি ও বাড়িতে আগুন দেয়ার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, টেকনাফ থানা পুলিশের কয়েকজন অফিসারের সাথে সন্ত্রাসী গিয়াস বাহিনীর সদস্যদের সুসম্পর্ক রয়েছে। যার কারণে মিথ্যা মামলা দিয়ে উল্টো হয়রানি করছে পুলিশ।

জানা গেছে, গত বছরের ২১ সেপ্টেম্বর প্রবাসী মো. তৈয়বকে (৩৮) প্রকাশ্যে দিবালোকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করে গিয়াসসহ তার বাহিনীর সদস্যরা।

দাবিকৃত চাঁদা না দিয়ে গণমাধ্যমের কাছে প্রকাশ করায় তাকে হত্যা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় গিয়াসকে প্রধান আসামি করে ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে নিহতের পরিবার।

কিন্তু আসামিদের গ্রেপ্তার না করে উল্টো ডাকাত গিয়াসের ঘর-পুড়ানোর ‘মিথ্যা’ মামলায় নিহতের ভাই জাকেরকে পুলিশ জেল হাজতে পাঠায় বলে অভিযোগ উঠে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন বলেন, আমার সাথে গিয়াস বাহিনীর কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি জবাব না দিয়ে প্রতিবেদককে তার সাথে বসার প্রস্তাব দেন।

ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে গত কয়েকমাসে একাধিক মামলা দায়ের করা ও হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা যেভাবে রিপোর্ট দিয়েছেন সেভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এর বাইরে আমি যেতে পারি না।

জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারকে হয়রানির বিষয়টি তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা সত্য হলে ভুক্তভোগীদের মামলা থেকে রেহাই দেয়া হবে।

তিনি বলেন, কক্সবাজারের গিয়াস বাহিনীর মত বড় সন্ত্রাসী গ্রুপগুলোকে ধরতে খুব শীঘ্রই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে একটা নির্দেশনা এসেছে।

গিয়াস বাহিনীর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সন্ত্রাসীরা যত বড় বা গ্রুপ হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তাদের সহযোগী হিসেবে কোনো পুলিশ সদস্যের নাম আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ