• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ইয়াসিনকে ঘর থেকে ডেকে নিয়ে ফেরত পাঠাল লাশ

ডেক্স নিউজ / ১৯৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
পাবনায় বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার - প্রতীকী ছবি

কেরানীগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে মো. ইয়াছিন (৩৮) যুবক খুন হয়েছে। সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার একটি মার্কেটের সামনে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহাগ (২৪ ) ও খোকন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবাই মিলে এক যুবকের শরীরে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। তিনি মাটিতে লুটে পড়লে তাকে ফেলে রেখে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত ইয়াসিনের স্ত্রী মায়া বেগম বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যান খোকন। এর কয়েকঘণ্টা পর খোকনই আবার বাসায় এসে খবর দেয় কারা যেনো আমার স্বামীকে ছুরিকাঘাত করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর লাশ পরে আছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমার স্বামীকে যারা বাসা থেকে ডেকে এনে খুন করলো তাদের ফাঁসি চাই।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া পিপিএম বলেন, নিহত ইয়াসিন শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভুইখাতা এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি তার পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাটগাও এলাকায় ভাড়া থাকতেন। নিহত যুবক ও আসামিরা একই গ্রুপের সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় চোরাচালানি, ডাকাতি, মাদক কেনা বেচাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে রাতেই মামলায় এজাহার নামীয় দুই আসামি সোহাগ ও খোকনকে গ্রেপ্তার করেছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সম্প্রতি তারা একত্রিত হয়ে জুয়া খেলেছে। জুয়া খেলায় ইয়াসিন হেরে গিয়ে সোহাগের টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ইয়াসিন বাসা থেকে বের হতো না। গতকাল রাতে খোকন ইয়াসিনকে বাসা থেকে ডেকে এনে সোহাগের টাকার কথা বললে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সবাই উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে কুপিয়ে ফেলে পালিয়ে যায়।


আরো বিভন্ন বিভাগের নিউজ