পারিবারিক কলহের জেরে কক্সবাজারের টেকনাফে তিন ছেলে-মেয়েসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তিন বছর বয়সী অপর মেয়ে মাহিমা তানিয়া ও দেড় বছর বয়সী শিশু জাবেদ ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহরীরদ্বীপ ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহেনা আক্তারের সাথে স্বামী আনোয়ারের কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিনেও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঝগড়ার জেরে বিকেলে দুধের সন্তান নিয়ে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখেন তিন সন্তান ঘুমাচ্ছে কিন্তু বউ বাড়ি ফিরেনি।
সে সময় আনোয়ার হোসেন তার তিন ছেলে-মেয়েকে ঘুম থেকে তুলে জোরপূর্বক বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এতে আনোয়ার হোসেন ও তার ৯ বছরের মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নং ওর্য়াডের মেম্বার আব্দুস সালাম জানান, আনোয়ার ও তার স্ত্রীর মধ্যে টুকটাক কলহ হত। নিষেধ করে বেশ কয়েকবার সমাধানও করেছিলাম। গত শনিবার কলহ সৃষ্টি হলে ছেলে মেয়ে রেখে দূর সম্পর্কের চাচার বাসায় চলে যায় তার স্ত্রী । এরই প্রেক্ষিতে গভীর রাতে বিষপানের ঘটনা ঘটায় আনোয়ার।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, স্থানীয়রা জানিয়েছেন পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার। এতে তার ও তার বড়মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। অপর দু’জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।