• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

আশিকের গ্রুপে শীর্ষ ১০ অপরাধী! দল বেঁধে মোটরসাইকেল যোগে গভীররাতে হোটেল-মোটেল জোনে

ডেস্ক নিউজ / ২১৬ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

পর্যটন এলাকা কক্সবাজার শহরের ত্রাস হিসেবে গত আট বছর আগেই সূচনা হয় আশিকুর ইসলাম ওরফে আশিকের। ২০১২ সালের দিকে ছিনতাইকারী হিসেবে পুলিশের খাতায় নাম উঠে আশিকের। এরপর থেকে একের পর এক ছিনতাই, চাঁদাবাজি, হোটেল দখল, অপহরণ ও মুক্তিপণ আদায়ে নেমে পড়ে এই ছিনতাইকারী। ভারী হতে থাকে আশিকের গ্রুপ। বর্তমানে কক্সবাজারের ভয়ঙ্কর গ্রুপ হিসেবে বেশ পরিচিত তার দলটি। তার গ্রুপে রয়েছে শীর্ষ ১০ জন অপরাধী। যাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদকের অভিযোগ ও মামলা রয়েছে। আশিক গ্রুপের অনেক সদস্য বিভিন্ন মামলায় কারাগারেও গিয়েছিল। কারাগার থেকে বের হয়ে একই দলে যোগ দেয় তারা। দল বেঁধে মোটরসাইকেল যোগে গভীররাতে হোটেল-মোটেল জোন এলাকায় তাদের বিচরণ। গোয়েন্দা সংস্থার একটি দপ্তরেও আশিক গ্যাংদের বিষয়ে তথ্য রয়েছে।
অনুসন্ধানে ও পুলিশের একটি সূত্রে জানা গেছে- আশিকুর ইসলাম কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মৃত করিমের ছেলে। তার বিরুদ্ধে প্রায় ১৭টি মামলা রয়েছে। এতিমধ্যে ৮ বার আটকও হয়েছিল সে। কিন্তু থেমে থাকেনি তার অপকর্ম। তার সাথে রয়েছে ইস্রারাফিল হুদ জয়া। সে বাহারছড়া এলাকার সন্ত্রাসী শফির ছেলে। শফি শহরের নম্বার ওয়ান সন্ত্রাসী হিসেবে বেশ পরিচিত ছিল। আশিকের সাথে জয়াও বেশ কয়েকবার আটক হয়েছিল। তার সাথে রয়েছে মেহেদী হাসান বাবু ওরফে গুণ্ডিয়া। আবুল কাশেম ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁও এর নাইট গার্ড। সন্ত্রাসী আশিকের সেকেন্ড ইন কমান্ড হিসেবে রয়েছে বাহারছড়া এলাকার মোবারক আলী। মোবারকের বিরুদ্ধেও রয়েছে পাঁচটির অধিক মামলা। এসব মামলায় আটক হয়ে কারাগারে গিয়েছিল ৪ বারের অধিক।

তবে সন্ত্রাসী আশিকের উত্থান মোবারকের হাত ধরেই। মোবারকের হাত ধরে আশিকের উত্থান হলেও অপকর্মে মোবারককে ছাড়িয়ে গেছে আশিক। এছাড়া মোবারকের অস্ত্রের যোগানদাতা হিসেবে রয়েছে শহরের শিবির ক্যাডার সালাউদ্দিন। আশিক বাহিনীর অন্যতম অর্থযোগানদাতা হিসেবে রয়েছে কক্সবাজার বাস টার্মিনাল এলাকার আবুল কালাম ওরফে বড়-দা। আবুল কালাম কক্সবাজার শহরের শীর্ষ ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারিও আবুল কালাম। আশিকের ছিনতাইকারী পার্টনার হিসেবে রয়েছে বাহারছড়া এলাকার জোবাইর। এমনকি আশিকের ইয়াবা পৌঁছে দেয় জোবাইর। এছাড়াও আশিকের সহযোগী হিসেবে রয়েছে বাহারছড়া এলাকার বিজয় দাশ ও ইরফান। দীর্ঘদিন ধরে আশিক ও মোবারকের সহযোগী হিসেবে রয়েছে বাহারছড়া এলাকার আরিফুল ইসলাম ওরফে ছোট আরিফ। আশিক গ্রুপের এসব অপকর্ম ও ইয়াবা কারবারের অর্থযোগান দাতা হিসেবে রয়েছে শহরের গাড়ির মাঠ এলাকার নুর নবী শাহিন। তার দৃশ্যমান কোন কিছুই না থাকলেও জীবন-যাপন আলিশান। শাহিনের স্থায়ী বাড়ি টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকায়। বেশির ভাগ সময় আশিক ও মোবারকের সাথে ছবিতে দেখা যায় শাহিনকে।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন- সন্ত্রাসী আশিকুল ইসলামের এই বেপরোয়া জীবন-যাপনের পিছনে হাত রয়েছে রাসেল নামে একব্যক্তির। শহরের বিভিন্ন অপর্কমে তদবির করে আশিককে ছাড়িয়ে নিত রাসেল। এছাড়া গাড়ির মাঠ এলাকার সাত্তার ও রোজিনা নামে এক দম্পত্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে আশিককে আশ্রয়দাতা হিসেবে। সাত্তার ও রোজিনাও চিহ্নিত মাদক কারবারি। যার কারণে আশিকের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত ১৫দিন আগে আশিককে জামিনে বের করে আনে সাত্তার ও রোজিনা।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন- এক নারীকে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে আশিকসহ তার তিন সহযোগির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সাথে আশিকের গ্রুপে যেসব অপরাধী রয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ