• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর লুকানো ১৭ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক / ১৯ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলদাশ পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন একটি সিলভার ও টিয়া রঙের মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি থামানোর পর চালক নুর মোহাম্মদ লিখনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

পরে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলের সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালিয়ে টায়ারের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৮টি প্যাকেটে মোট ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকার ভেতর লুকিয়ে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

চকরিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চকরিয়া থানা পুলিশ আরও জানিয়েছে, মাদক পরিবহনে অভিনব কৌশল ব্যবহার করলেও পুলিশের নজরদারি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

#চকরিয়া #কক্সবাজার #ইয়াবা #মাদক_উদ্ধার #চকরিয়া_থানা #মাদকবিরোধী_অভিযান #মালুমঘাট #কক্সবাজার_সংবাদ #মাদকমুক্ত_সমাজ


আরো বিভন্ন বিভাগের নিউজ