• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নতুন পোশাকে, সুসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য আলী আকবর

ডেক্স নিউজ / ১৭৯ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

৩৮ বছর পুলিশ বাহিনীতে চাকরির পর শেষ কর্মদিবসে পুলিশ সদস্য আলী আকবরকে ভিন্ন রকম বিদায় সংবর্ধনা জানাল উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে নতুন পোশাকে সাজিয়ে বাড়ি পৌঁছে দেন নান্দনিক সাজের পুলিশ পিকআপে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, বর্তমান পুলিশ বাহিনীর প্রধান ড. বেনজীর আহমেদের আদেশে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলমের দিকনির্দেশনায় বিদায়ী সহকর্মী মো. আলী আকবরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্য আলী আকবর দীর্ঘ ৩৮ বছর কর্মজীবন শেষে সোমবার সন্ধ্যায় অবসরে গেলেন। করোনার সময়, তাই ছোট পরিসরে থানা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী সহকর্মী আলী আকবরকে নতুন পোশাকে সাজান সহকর্মীরা। এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তার পিকআপ গাড়িটিকে ফুল, বেলুন ও লাল কাপড় দিয়ে নান্দনিকভাবে সাজিয়ে তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা শাহজাদপুরের পুরান টেপরি পৌঁছে দেন।

বিদায়ী পুলিশ সদস্য আলী আকবর সাজানো গাড়িতে উঠে বাড়ি রওনা হওয়ার আগে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, তার নিজের জীবনের কোনো অনুষ্ঠানেই এমনভাবে তাকে সাজানো হয়নি। তিনি সিরাজগঞ্জ পুলিশ সুপার, উল্লাপাড়া মডেল থানার ওসি ও অপর সহকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ