সাংবাদিকদের সবুজ কুমার দে’র দম্ভোক্তি-‘নিউজ করেন আমার জন্য’
ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালী:
অভিযোগ বা কাগজপত্র আপনার কাছে পাঠালে “আপনি নিউজ করেন অসুবিধা নেই তো আমার” সাংবাদিকের এক প্রশ্নের জবাবে দম্ভ করে এ কথা বলেছেন মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে।
পাকা ভবন নির্মাণের ছাড়পত্র দিতে নানা হয়রানি করার অভিযোগ উঠেছে মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে’র বিরুদ্ধে। দীর্ঘ এক থেকে দের বছর উপজেলা দপ্তরের ধারে ধারে ঘুরে কাঙ্ক্ষিত ছাড়পত্র/অনুমতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী মাতারবাড়ি ইউনিয়নের সাবেক এমইউপি আনছারুল করিম।
ভুক্তভোগী আনছারুল করিম দৈনিক মেহেদীকে জানায়, আমি মহেশখালী উপজেলার মাতারবাড়ী বান্ডি সিকদার পাড়ার স্থানীয় বাসিন্দা। আমি দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার পুরাতন ঝরাঝির্ণ বসতবাড়ি বসবাসের অনুপযোগী হওয়ার কারণে ঐ জায়গাতেই একটি ভবন নির্মান করার জন্য উদ্যোগ নিয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর আবেদন করি গত ২০২০ সালের আগস্ট মাসে। উপজেলা চেয়ারম্যান যাচাই বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দের কাছে হস্তান্তর করে দেন আবেদন পত্রটি।
আজ প্রায় এক থেকে দের বছর হয়ে গেছে তার কাছে যাচ্ছি আর আসছি। শুধু কালবিলম্ব করতে থাকেন, প্রকৌশলী সবুজ কুমার দে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে নানা টালবাহানা শুরু করেছে। এ পর্যন্ত প্রায় পঞ্চাশ/ষাট বার মাতারবাড়ি থেকে গোরকঘাটা প্রকৌশলী সবুজ কুমার দে’র কাছে যেতে হয়েছে কাঙ্ক্ষিত ছাড়পত্র পেতে। এতে আমার শুধু গাড়ি ভাড়া খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকার মতো। কিন্তু এখনো ছাড়পত্র পাওয়ার কোনো নিশ্চয়তা পাইনি। তাছাড়া ও ঝরাঝির্ণ বসতবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতে অমানবিক কষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, আমার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পরও এখন অবধি কাঙ্ক্ষিত ছাড়পত্র/অনুমতি পাইনি। ফলে মার্কেট ও ঘর নির্মাণ করতে বিলম্ব সময় পোহাতে হচ্ছে আমাকে। এজন্য আমার আয় রোজগারে বিরাট প্রভাব পড়তেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, এখানে হয়রানির কিছুই নাই, মূলত এখানে আমাদের প্রচুর কাজের চাপ আছে। এখানে কাজ তো একটা না, অফিসে আরও অনেক কাজ আছে এগুলো শেষ করে তো বাকি কাজগুলো করতে হয়। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনে হয় ৫-৬ টা হবে আবেদন এসেছে এ পর্যন্ত। তিনি দম্ভ করে আরো বলেন, অভিযোগ বা কাগজপত্র আপনার কাছে পাঠালে “আপনি নিউজ করেন অসুবিধা নেই তো আমার”।
খবর নিয়ে জানা যায়, সেরকম আরও অনেকেই আছে স্বয়ং উপজেলা চেয়ারম্যানের চাচা ডেইল পাড়ার সাবের সাহেব থেকে শুরু করে অনেকে হয়রানির শিকার হচ্ছে প্রকৌশলী সবুজ কুমার দে’র কাছে।
মহেশখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শরিফ বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এইসব ইঞ্জিনিয়ারকে দিয়ে দিয়েছি, তারা যাচাই বাছাই করে আমাকে দিলে আমি স্বাক্ষর করে দেবো। দীর্ঘ হয়রানির বিষয়ে আমি জানি না, আমি জনগণের প্রতিনিধি আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি।
সচেতন মহলের প্রশ্ন ৫টা আবেদনের যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে যদি দেড় বছর সময় লেগে যায় প্রকৌশলী সবুজ কুমার দে’র, তাহলে মহেশখালী উপজেলার চার লাখ মানুষের কাজ করবে কি ভাবে সে? অনতিবিলম্ভে এ অযোগ্য উপজেলা উঞ্জিনিয়ারের বদলি চান তারা।