• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

গর্জনিয়া ইউনিয়ন পরিষদে নাটের গুরু তানজীদের জন্মনিবন্ধন বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ

Md Nazim Uddin / ৩৯১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

গত সোমবার ৪ অক্টোবর কক্সবাজারের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক মেহেদীতে গর্জনিয়া ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজীদ রায়হানের বিরুদ্ধে “গর্জনিয়ায় স্থায়ী জন্মনিবন্ধন তিন হাজার অস্থায়ী আড়াই হাজার টাকা” ও চ্যানেল কক্স ডটকমে “গর্জনিয়া স্থায়ী জন্মনিবন্ধন তিন হাজার অস্থায়ী আড়াই হাজার টাকা আপনি কোনটা নিবেন” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছে তানজীদের বিরুদ্ধে। উক্ত এলাকার সাধারণ জনগণ তার কাছেই জিম্মি, ভয়ে কেউ মুখ খুলতে সাহস না করলেও সংবাদ প্রকাশের পর ভুক্তভোগি অনেকেই সরাসরি মুখ খুলতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে রামু উপজেলার ২নং গর্জনিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজীদের জন্মনিবন্ধন বাণিজ্যে চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারন মানুষ হয়রানি সহ বহুমুখি সমস্যার সম্মুখিন হয়ে অতিষ্ট হয়ে পড়েছে।

প্রতিবেশী দেশ মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে তথা কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও বান্দরবানের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। এ কারণে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে পুরো কক্সবাজারে জন্মনিবন্ধন কার্যত্রম বন্ধ করে দেয় সরকার। যাতে রোহিঙ্গারা কৌশলে দেশের জন্ম নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে না পারে।

রোহিঙ্গা ঢলের পর বন্ধ করে দেওয়া কক্সবাজারে জন্ম নিবন্ধন কার্যক্রম দীর্ঘ প্রায় তিনবছর পর অবশেষে খুলে দেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় জন্মনিবন্ধন করতে মানুষের ঢল নেমে আসে, কারণ জন্মনিবন্ধন ছাড়া কোন কাজই করতে পাচ্ছে না মানুষ। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য জন্মনিবন্ধন করতে গেলে, লাগে মা-বাবার জন্মনিবন্ধন। আবার মা-বাবার জন্মনিবন্ধন করতে লাগে দাদা-দাদীর জন্মনিবন্ধন, এইসব ঝামেলায় লেগে থাকা থেকে রেহাই পেতে মানুষ নিরুপায় হয়ে অসাধু কর্মকর্তাদের দ্বারপ্রান্তে হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অত্র ইউনিয়ন পরিষদে কর্মরত কিছু অসাধু কর্মকর্তারা তাদের পকেট ভারী করতে শুরু করেছে, গ্রামের সহজ-সরল মানুষদের বিভিন্ন কৌশলে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তেমনি রামু উপজেলার গর্জনিয়া ২নং ইউনিয়ন পরিষদে কর্মরত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজীদের এক অডিও কল রেকর্ডে বলেন স্থায়ী জন্মনিবন্ধন তিন হাজার অস্থায়ী আড়াই হাজার টাকা আপনি কোনটা নিবেন?

দীর্ঘদিন ধরে তানজীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জন্ম নিবন্ধন বাণিজ্যের গুরুতর অভিযোগ আসছিল, তারই ধারাবাহিকতায় এই অভিযোগের সত্যতা যাচাই করতে সরজমিনে গেলে উঠে আসে নানা অনিয়ম ও গ্রামের সহজসরল মানুষদের সরলতার অপব্যবহার করে তাদের সাথে ধোঁকাবাজি এবং প্রতারণার প্রকৃত সত্যতা। তার সাথে রয়েছে সহযোগী হিসেবে ৫-৬ জন আরও স্থানীয় দালাল সিন্ডিকেট, যাদের সহযোগীতায় জালিয়াতির মাধ্যমে সহজসরল মানুষের কষ্টে উপার্জিত টাকা নানাভাবে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে।

প্রাপ্ত তথ্যে অভিযোগের শেষ নেই তানজীদের বিরুদ্ধে শুধু তার ‘স্থায়ী জন্মনিবন্ধন তিন হাজার অস্থায়ী আড়াই হাজার টাকা আপনি কোনটা নিবেন’ এই একটি অডিও কল রেকর্ডের পরে দৈনিক মেহেদী অফিসে আরও অনেক অডিও কল রেকর্ড জমা পড়েছে।

ভুক্তভোগীরা সামনে আসতে শুরু করেছে, অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরিফুল ইসলাম অভিযোগ করে জানান, মানুষ বুঝে আচরণ করে তানজীদ যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না তাদেরকে অনলাইন বন্ধ আছে বা সার্ভারে সমস্যা বলে তাড়িয়ে দেয়। আমার আপন ছোট ভাইয়ের জন্য জন্মনিবন্ধন করতে গেলে আমাকে বলে অনলাইন বন্ধ আছে, নেটওয়ার্ক সমস্যা, সার্ভার বন্ধ। আমি উপজেলায় খবর নিয়ে জানলাম অনলাইন বন্ধও নেই সমস্যাও নেই আর সে বলে বন্ধ, কারণ আমার থেকে এত টাকা নিতে পারবেনা সেই জন্য বলে বন্ধ।

গর্জনিয়া এলাকার হাকিম নামের এক ভুক্তভোগী বলেন, ভাই তার কথা বলিয়েন না, তার কাছে পুরো গর্জনিয়া ২নং ইউনিয়নের মানুষ জিম্মি। সে আমার সাথেও প্রতারণা করেছে। লকডাউন পরবর্তী স্কুল খুলে দিলে ছেলেমেয়েদের ভর্তির প্রয়োজনে জন্ম নিবন্ধন করতে দিয়েছিলাম তাকে (তানজীদকে)। প্রথমে টাকা নিয়েছিলো ৩ হাজার টাকা। সেখানে আমার নাম ভুল করে দেয়। দ্বিতীয়ধাপে আবার ১৬০০ টাকা দিয়ে সংশোধনের জন্য দিলে সেখানে মায়ের নাম ভুল করে দেয়। তৃতীয়ধাপে আবার ১ হাজার টাকা দিয়ে তাকে ঠিক করতে দিলে সেখানেও সে ভুল করে দেয়। একটা জন্ম নিবন্ধন করতে আমি ৫ হাজার ৬ শত টাকা দেওয়ার পরেও আমার জন্ম নিবন্ধন সঠিক পায়নি। আর কত টাকা দিলে সঠিক পাবো আপনারাই বলুন? আমার ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করানোর জন্য জরুরীভাবে তাকে করতে দিয়েছিলাম। সে আমার এলাকার ছেলে সে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যকে খুব ভাল করেই চেনেন। আমাদের পরিবারে সবাই শিক্ষিত, আমাদেরই মত লোকদের সাথে প্রতারণা করে ব্যবসা শুরু করতে পারলে গ্রামের সহজসরল মানুষদের সাথে কিনা প্রতারণা করতেছে জানিনা!

গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে জন্ম নিবন্ধন আবেদন করতে আসা এইসব সহজ সরল গরিব অসহায় দিনমজুরদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতারণা করে তিন থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এইসব অসাধু কর্মকর্তা কর্মচারীরা। টাকা দিতে অপারগতা স্বীকার করলে ইউনিয়ন পরিষদের কম্পিউটার সার্ভারে সমস্যা আছে বলে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে গিয়ে আবেদন করতে বলা হয়। এমন অসংখ্য অভিযোগ রয়েছে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর তানজীদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, জন্মনিবন্ধনে বাবা-মায়ের তথ্য সংশোধনী আইন অনুযায়ী প্রতিটা ব্যক্তির জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করার অধিকার রয়েছে, আমি পূর্বের একটি জন্ম নিবন্ধনে মায়ের নাম সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদে কমপক্ষে দশবার যাতায়াত করেছি। পরিষদের কম্পিউটার অপারেটর তানজিদকে কয়েকবার কাকুতি মিনতি করার পর আমার কাছে এই জন্ম নিবন্ধন তিন মাসের অস্থায়ী সংশোধনের জন্য আড়াই হাজার আর স্থায়ী করার জন্য তিন হাজার টাকা দাবি করে। জন্মনিবন্ধন তিন মাসের অস্থায়ী সম্পর্কে জিজ্ঞেস করলে বলে আপনার জন্মনিবন্ধন অনলাইনে সার্চ দিলে সার্ভারে পাবেন তবে তিন মাস পরে চলে যাবে।

সংশোধনে এত টাকার প্রয়োজন কেন? তানজিদ কে প্রশ্ন করা হলে! উত্তরে জানায় তিন হাজার টাকার মধ্যে বাইশ শত টাকা উপরে কর্তৃপক্ষের অজানা নাম্বারে বিকাশ করে দিতে হবে বাকিটা আমার খরচ যার কথোপকোথন কল রেকর্ড প্রতিবেদক এর কাছে সংরক্ষিত আছে। ভুক্তভোগী আরো বলেন এ বিষয়ে চেয়ারম্যানকেও অবগত করেছি তিনি আমাকে সঠিক কোন সমাধান দিতে পারেনি।

১নং ওয়ার্ড এলাকার আলমগীর নামে একজন ভুক্তভোগী বলেন, ইউনিয়ন পরিষদে যাওয়া-আসা করতে করতে পায়ের জুতা ছিড়ে ফেলেছি, অত্র ইউনিয়ন পরিষদে হয়রানির শিকার হয়ে শেষ পর্যন্ত আমি রামু উপজেলা থেকে আমার আইডি কার্ড সংগ্রহ করেছি উপজেলায় কোন প্রকার হয়রানির শিকার হয়নি।

দেশের বাহিরে থাকা মালেশিয়া প্রবাসী মোবারক ইসলাম জানায় সে-তো এইসব রমরমা বাণিজ্য আজ করতেছে না, অনেক বছর আগে থেকে করতেছে। আমার ভিসার জন্য ২০১৬ সালে জন্ম নিবন্ধন অনলাইনে করতে দিলে, সে আমার নামে ভুল করে দেয়। অথচ আমি তিন হাজার টাকা দেওয়ার পরও আমার নামের অংশ ভুল করেছে সে। মোবারক ইসলাম এর জায়গায় মবরুক ইসলাম দিয়েছে। যে ভুল তথ্য গুলো আমার পাসপোর্টেও চলে এসেছে, এ নিয়ে তিনি এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে অভিযোগ করেও কোন সুরাহা পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে তানজীদের মুঠোফোনে ০১৮৪২৪২৪৪৪৬ এ একাধিকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এখনো কোন প্রমাণ পায়নি, পেলে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, নিউজ কোন প্রমাণ নয়। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে বা অভিযোগকারী আছে তাদেরকে আমার কাছে পাঠান আমি কথা বলবো।

বিষয়টির ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা বলেন, এ বিষয়ে একটি ফোন রেকর্ড আমার হাতে এসেছে। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে কিছু করা যায়নি। খুব দ্রুত বিষয়টি দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এলাকার সাধারণ মানুষের দাবি ইউনিয়ন পরিষদে যারা জন্মনিবন্ধন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে সাথে জড়িত তাদেরকে অপসারণ করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া প্রয়োজন।


আরো বিভন্ন বিভাগের নিউজ