কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ ঘটনায় খামার মালিক নুরুল হোসাইনের (৩২) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। নুরুল হোসাইন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে পুলিশ ওই মুরগির খামারে অভিযান চালায়। এ সময় খামারের ভেতরে একটি ছোট কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা পাওয়া যায়। বস্তা দুইটি তল্লাশি করে এর ভেতর ৫০টি প্যাকেটে পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায়।