• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে ক্রেস্ট প্রদান ঘিরে প্রশ্ন, আলোচনায় ঈদগাঁও থানার ওসি

নিজস্ব প্রতিবেদক / ৭২ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকায় “ভাদিতলা মানবিক সংগঠন” নামে একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদারের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সমালোচকদের প্রশ্ন, বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি কীভাবে থানার একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে প্রকাশ্যে সম্মাননা গ্রহণ করেন? এতে প্রশাসনের নিরপেক্ষতা ও অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ঈদগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সাধারণ মানুষ যখন ছিনতাই, মাদক, জুয়া ও নানা অপরাধ নিয়ে উদ্বিগ্ন, তখন এ ধরনের অনুষ্ঠান ও বিতর্কিত ব্যক্তিদের প্রকাশ্য সম্পৃক্ততা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, মানবিক সংগঠনের ব্যানারে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের সামনে আনা এবং তাদের সম্মাননা প্রদান ভবিষ্যতে রাজনৈতিক পুনর্বাসনের ইঙ্গিত কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

তবে আয়োজকদের দাবি, সংগঠনটি সম্পূর্ণ সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।


আরো বিভন্ন বিভাগের নিউজ