রাজধানীর ওয়ারীর হাটখোলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ওরারী হাটখোলার ফকির বানু টাওয়ারের পাশের গলিতে এই ঘটনাটি ঘটে। পরে দুপুর দেড়টার দিকে রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত দুইজনের মধ্যে একজনের নাম আল আমিন ও অপরজনের নাম নুরুল আমিন। তারা উভয়ে ওয়ারীর ২নং কে এম দাস লেনের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে।
হত্যার অভিযোগ করে নিহতের বড় ভাই রুহুল আমিন বলেন, ‘আমার ছোট ভাই আল আমিন ওয়ারী থানা বিএনপি মূল দলের জয়েন্ট সেক্রেটারি পাশাপাশি একটি পত্রিকায় কাজ করতো। আরেক ছোট ভাই নুরুল আমিন পাঠাও মোটরসাইকেল চালক ছিল। আমরা খবর পাই আমার দুই ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে ওয়ারীর হাটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার দুই ভাই আর বেঁচে নেই।’
তিনি আরো বলেন, ‘কারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে পারছি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।